Dark Mode Light Mode

আমিত্ব অন্তরাত্মার মারাত্মক ক্ষতিকর ব্যাধি

সব প্রশংসা আল্লাহ‘র

আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগতকে সৃষ্টি করে আপন হেকমতে যাকে যতটুকু ইচ্ছা শক্তি-সামর্থ্য-যোগ্যতা দান করেছেন। মানুষকে তিনি সর্বোত্তম আকৃতি-প্রকৃতি দিয়ে সৃষ্টির সেরা রূপ ও যোগ্যতা দিয়েছেন।

এ কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে মূল প্রশংসা লাভের বা প্রশংসার যোগ্য একমাত্র সত্ত্বা কেবল আল্লাহ তাআলা। যেমনটি কুরআন মাজীদের একদম শুরুতে সূরা ফাতিহার প্রথম আয়াতে আছে:

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ 

অর্থ: সব প্রশংসা আল্লাহ তাআলার যিনি জগতসমূহের রব (সৃষ্টিকর্তা ও পালনকর্তা)।

Advertisement

এ আয়াতের তাফসীরে মুফাসসিরীনগণ লিখেছেন, সৃষ্টির যত ন্যায়সঙ্গত প্রশংসা করা হয়ে থাকে সবই স্রষ্টার ওপর বর্তায়। এভাবে মূল প্রশংসা তাঁরই।

স্বয়ং আল্লাহ তাআলা যখন কারো প্রশংসা করেন, অর্থাৎ তিনি নিজে কাউকে প্রশংসার পাত্র বানান — সেটি অবশ্যই মহা সৌভাগ্যের বিষয়! যেমন তিনি প্রশংসা করেছেন নবীগণের; এছাড়াও সাহাবায়ে কেরাম-এর; এবং নেককার বান্দাগণের।

অহংকার করা সৃষ্টির জন্য অন্যায়

কিন্তু সৃষ্ট বা সৃষ্টি হয়ে কেউ নিজেকে প্রশংসার পাত্র মনে করা হল গর্ব করা, দাম্ভিকতা প্রকাশ। এর মাধ্যমে সৃষ্টি নিজের বড়ত্ব প্রকাশের সাথে সাথে অন্যকে তুচ্ছ করা, সত্যকে অস্বীকার করার স্পর্ধা করে। গর্ব করা, ফখর করা কোনো সৃষ্টির গুণ নয়। তাই সৃষ্টি গর্ব-অংহকার প্রকাশ করলে সেটা খোদা-গুণের অধিকারী হওয়ার দাবী করা হয়। এটা সৃষ্টির জন্য নিষিদ্ধ। একদিকে অহংকার করা বা প্রদর্শন সৃষ্টির জন্য বিবেক-বিরুদ্ধ, অন্য দিকে আল্লাহর সরাসরি নাফরমানি, অনেক বড় গুনাহ। যদি বান্দা নিজ গুণে মুগ্ধ হয়ে নিজেকে প্রশংসার যোগ্য পাত্র মনে করে বসে, আত্ম-মুগ্ধতায় মনোযোগী হয় — এটা সর্বনাশা এক ব্যাধি। এই ব্যাধি হল আমিত্ব — নিজের গুণে মুগ্ধ হওয়া, নিজের সব ভালো লাগা, নিজেকে ভালো মনে করতে থাকা, নিজেকে বড় ভাবা, নিজের সব ঠিক মনে করা। আমিত্ব প্রকাশ করাই অহংকার করা, বা আমিত্ব অহংকারেরই এক শাখা। আমিত্ব কেন্দ্রিক সবরকম চিন্তা ও বিশ্বাস আল্লাহর কাছে খুব অপছন্দনীয়। এ ব্যাধি থেকে আল্লাহ তাআলা আমাদের বাঁচান—আমীন।

আমিত্ব কিভাবে প্রকাশ পায়

আমিত্ব প্রকাশের শুরুটা তীব্রভাবে বোঝা যায় না। প্রথম প্রথম কেবল নিজের প্রশংসা শুনলে একটু ভালো লাগে। এ অবস্থায় মনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে দ্রুত “হামবড়া ভাব” বৃদ্ধি পায়; এক পর্যায়ে মানুষ নিজের গুণ ও মতামতের বিপরীত কোনো কথা (অর্থাৎ নিজ সমালোচনা, দোষ) শুনতে ও গ্রহণ করতে চায় না, অথবা সহ্য করে না (নাউযুবিল্লাহ)!

আমিত্ব দোষটির বিভিন্ন পর্যায়: উজব (আত্মগরিমা), খোদপছন্দি (আত্মমুগ্ধতা), অহংকার। অনেকে আজকাল ইংরেজি একটা শব্দও বেশ ব্যবহার করে থাকে—ego (ইগো/এগো)। (যেমন: মানুষ অহংকারবশত বলে: এত বড় স্পর্ধা! আমাকে অমুকে এমন কথা কেন বলল?! আমার খুব ইগো-তে লেগেছে! ইত্যাদি..)। এভাবেও আমিত্ব প্রকাশ করা হয়ে থাকে। যদি কেউ যুক্তি দেয় যে তার ব্যক্তিত্বে আঘাত লেগেছে বলে এমন করেছে, তাহলে ভালো করে বোঝা উচিত ব্যক্তিত্বে আঘাত লাগার কারণে অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, অপমান-লাঞ্ছিত করা, গালিগালাজ করা — এসবরের কোনোটাই করা যাবে না। যখন কারো থেকে এসব প্রকাশ পায় তখন এটা পরিষ্কার বোঝা যায় যে, ব্যক্তি অহংকার করছে। সে নিজেকে বড় মনে করে অন্য পক্ষকে হেয় করছে। অন্যকে যৌক্তিকভাবে দোষী সাব্যস্ত করা আর নিজের বড়ত্বভাব ও গর্ব-অহংকার ফুটিয়ে অন্যকে হেয় করে তাকে দোষী সাব্যস্ত করার পার্থক্য বলে দেয় কোনটা ন্যায়সঙ্গত আর কোনটা অন্যায়। এটাই আমিত্ববোধ, অন্তর-আত্মার ভয়ানক এক রোগ বা ব্যাধি। 

আমিত্ব প্রকাশের আরো কিছু উদাহরণ

আমিত্ব একদিকে অন্তরের অবস্থা আরেক দিকে কার্যত সেটার প্রকাশিত আমল–উভয়ই। অর্থাৎ হতে পারে কেউ হয়ত নিজের বড়ত্ব ভাব নিয়ে কিছু বলছে না, প্রকাশ করছে না। কিন্তু অন্তরে তার নিজের বড়ত্ব ভাব বিরাজমান। সে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্যের নজরেই দেখছে। মুখে কিছু না বললেও অন্যকে হেয় নজরে দেখছে। যখনই এমন কোনো অবস্থা আসে যে অন্যের উপর সে নিজের বড়ত্ব প্রকাশ করতে পারে তখনই সে সেটা বলে ফেলে! যেমন: “আমাকে চেন?”, “জানো আমি কী করতে পারি?” ইত্যাদি। অথবা এমন আচরণ প্রকাশ করে যা অন্যকে হেয় করারই নামান্তর। অন্যের প্রতি হেয় আচরণ প্রকাশ তো কোনো কোনো সময় কথা বলার থেকেও মারাত্মক! যেমনটা আজকাল আচার-আচরণ দ্বারা অহংকার প্রকাশ করা হয়। কাউকে এমন কিছু খেতে দেওয়া হয় যা নিম্নমানের (কারণ হিসেবে বোঝানো হয় সে তো এটারই যোগ্য!), অথবা এমন স্থানে জায়গা দেওয়া হয় কারণ তাকে হেয় করাই উদ্দেশ্য। নাউযুবিল্লাহ।

আমিত্ব ফেরাউনী স্বভাব। ফেরাউন বলেছে,

أَنَا رَبُّكُمُ الْأَعْلَىٰ

অর্থ: আমি বড় রব। সূরা নাযিয়াত ৭৯:২৪

কত ভয়ানক মিথ্যাচার! আমাদের বোঝা উচিত, বান্দা হয়ে মালিকের গুণ-বৈশিষ্ট্য গ্রহণের সামান্যতম দাবি হল নিকৃষ্ট কাজ; সৃষ্ট হয়ে স্রষ্টা-গুণ দাবী করার থেকে জঘন্য কাজ আর কী?! ফেরাউন, নমরূদ তো এই ধৃষ্টতা দেখিয়েছে!

সত্যকে উপেক্ষা-অস্বীকার করাই সবচেয়ে হীন স্বভাব। আর যত বড় সত্যকে অস্বীকার করা হবে সেটা তত বড় গুনাহ! যুগে যুগে ফেরাউনরা নিজেদের ক্ষমতা ও রাজত্বের দাপটে দাম্ভিকতা দেখিয়ে এমন কথা বলে থাকে, এমন সব দাবী করে থাকে! যুগে যুগে এই স্বভাবের অনুসারীরা বেপরোয়াভাবে আমিত্ব প্রকাশ করে; এদের দুনিয়া ও আখেরাত বরবাদ। 

পবিত্র হাদীসে সতর্কবাণী

রাসূলুল্লাহ ﷺ বলেছেন (অর্থ): আমি কি তোমাদের জাহান্নামের অধিবাসীদের সম্পর্কে জানাব না? তারা হল—প্রত্যেক কঠোর স্বভাবের, অহংকারী ও দাম্ভিক ব্যক্তি। তিরমিযী, হাদীস: ২৬০৫

প্রকৃতপক্ষে, মানুষের নিজের কোনো গুণ নেই। আল্লাহর দানকৃত যা আছে তা-ই শুধু। অতএব, সবকিছুর জন্য কেবল আল্লাহর শোকর আদায় করা যায়, সেটাই জরুরি; বান্দার বাহাদুরি করার কিছু নেই। ইবলিস “সে মাটির তৈরি; আমি তো আগুন দিয়ে তৈরি” — দম্ভ ভরা এমন কথা বলে আমিত্ব প্রকাশ করে বসল। আদম আলাইহিস সালামকে সেজদা করল না। হতভাগ্য ইবলিস এটা খেয়াল রাখল না যে এটা ছিল আল্লাহ পাকের আদেশ। যাকে যেভাবেই সৃষ্টি করা হোক, মান-মর্যাদা, গুণ তিনি যাকে যতটুকু ইচ্ছা দেন। সৃষ্টি নিজে যেমন আল্লাহর অধিকারে, সৃষ্টির সব গুণাগুণ আল্লাহরই সম্পদ; প্রকৃতপক্ষে সৃষ্টির সবই আল্লাহর দান ও নেয়ামত। সৃষ্টির গুণ নিজের মালিকানাধীন কিছু নয়—সবকিছু আল্লাহর পক্ষ থেকে পাওয়া নেয়ামত ও আমানত। এমনকি নিজের কোনো যোগ্যতা বলে মানুষ (বা কোনো সৃষ্টি) কখনও কিছু লাভ করতে পারে না — যদি আল্লাহ দেন তাহলেই লাভ করে। তিনি দিলে পাওয়া যায়, না দিলে কখনও পাওয়া যায় না। হাঁ আমরা চেষ্টা মেহনত করতে পারি। কিন্তু সবকিছু কার্যকর ও অর্জিত হয় আল্লাহর আদেশে। এ অধিকার আমাদের নেই যে আমরা আল্লাহর দান পেয়ে ফখর (গর্ব) করব, বলতে পারব আমি এই বা আমি সেই, এটা আমার, ওটা আমার (সাধারণভাবে “আমার” বলার অধিকার তো আছে, কিন্তু আল্লাহর দান ও আমানত বিধায় আমার–সবকিছু মূল মালিক আল্লাহই; মুমিন অন্তরে এ বিশ্বাস সদা বিদ্যমান)! আল্লাহ যেমন দিয়েছেন, তিনি যেকোনো মুহূর্তে সব ছিনিয়ে নিতে পারেন (প্রতিটি মুমিন দৃঢ়ভাবে তা বিশ্বাস করে থাকে)। ইবলিস অহংকার আর অন্যায় দাবী করে আল্লাহর রহমত থেকে চির বঞ্চিত হয়ে গেল (নাউযুবিল্লাহি মিন যালিক!)। এ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে; আমরা আল্লাহর যেকোনো দান ও নেয়ামত পেয়ে শোকর আদায় করব, বাহাদুরি করব না। আমরা আল্লাহর বান্দা, বান্দার কাজ আল্লাহর শোকর আদায় করা।

বান্দাকে বান্দা হয়েই থাকতে হবে। আমিত্ব মিটিয়ে দিতে হবে। আমিত্ব ভাবও থাকতে পারবে না! হামবড়া ভাব (অর্থাৎ আমি-বড় এমন চিন্তা-চেতনা) মিটিয়ে দিতে হবে।

আরো কয়েকটি হাদীস

আমিত্ব আসে অহংকার থেকে। অহংকার সম্পর্কে হাদীস (রাসূলুল্লাহ ﷺ নিম্নোক্ত হাদীসে অহংকারের সংজ্ঞা তুলে ধরেছেন):

সাইয়্যেদুনা আবদুল্লাহ ইবনে মাসউদ رضي الله عنه থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন (অর্থ): যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক ব্যক্তি বলল, মানুষ তো পছন্দ করে যে তার পোশাক ও জুতা সুন্দর ও উন্নত মানের হোক। (তাহলে এটিও কি অহংকারের অন্তর্ভুক্ত হবে?) তখন রাসূলুল্লাহ ﷺ বললেন: নিশ্চয়ই আল্লাহ সুন্দর, আর তিনি সৌন্দর্য পছন্দ করেন। অহংকার হল—সত্যকে অবজ্ঞা ও প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা। মুসলিম, হাদীস: ৯১

সাইয়্যেদুনা উকবা ইবনে আমের رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি (অর্থ): যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, মৃত্যুর পর তাকে জান্নাতের সুঘ্রাণ গ্রহণ করতে কিংবা জান্নাত দেখতে দেওয়া হবে না। মুসনাদে আহমাদ, খণ্ড: ৪, পৃষ্ঠা: ১৫১

মুসলিম শরীফের একটি হাদীসে আছে (অর্থ): সাইয়্যেদুনা আবু হুরাইরা رضي الله عنه থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন (অর্থ): যে বলে সব মানুষ ধ্বংস হয়ে গেছে, সেই নিজেই সবচেয়ে ধ্বংস হয়েছে (বা ধ্বংসর যোগ্য)। মুহাদ্দিসীনগণ হাদীসের ব্যাখ্যায় বলেছেন এখানে অহংকারী ব্যক্তি যে কিনা অন্যদের তুচ্ছ-তাচ্ছিল্য করে এমন কথা বলে, তাকে (তার পরিণতি) বোঝানো হয়েছে।

সত্যকে উপেক্ষা ও অস্বীকার করা, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা—এসবই অংহকার। অহংকার জান্নাতের পথে বাঁধা, জাহান্নামী আমল। আমিত্ব (নিজের সবই ভালো মনোভাব পোষণ করা) অহংকারের বিষফল।

আমিত্ব দূর করব কিভাবে

আল্লাহর কাছে যত আমল অপছন্দীয় ও ঘৃণ্য, তার মধ্যে আমিত্ব অন্যতম। আমিত্ব দূর করা কত জরুরি, প্রিয় নবীজী ﷺ-এর হাদীসে সেটি সুস্পষ্ট। যদি আন্তরিকভাবে আমিত্ব দূর করার চেষ্টা করা হয়, আল্লাহ পাক সহায় হয়ে থাকেন। আন্তরিক তওবার পরে যদি আবার ভুল হয়ে যায়, আবারও তওবা-ইস্তেগফার করতে হবে। এমনিতেই তো আমরা তওবা-ইস্তেগফার করি, করবই — নিজের কাছে যখনই মনে হবে আরে ঐ কথা বা কাজের মাধ্যমে তো আমার থেকে অহংকার প্রকাশ পেয়েছে(!) — সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। প্রয়োজনে বান্দার থেকেও ক্ষমা চাইতে হবে।

যুগে যুগে যারা পদ-মর্যাদা-সম্মান খুঁজেছে তারা আল্লাহর থেকে দূরে বহু দূরে সরেছে। তাদের চাওয়া-পাওয়ার মূল উদ্দেশ্য হয়ত কখনও দুনিয়ায় অর্জিত হয়েছে। কিন্তু আল্লাহর কাছে এরা নিকৃষ্ট। আখেরাতে তাদের পরিণতি করুণ হবে। আমিত্ব দাফন করতে না পারলে পরিণতি অনেক খারাপ হবে। নিরহংকার হয়ে জীবনযাপন করতে হবে।

আমাদের প্রিয় নবীজী ﷺ-এর কথা চিন্তা করুন! সর্বশ্রেষ্ঠ মানুষ। সর্বশ্রেষ্ঠ রাসূল, সব রাসূলগণের ইমাম। সমগ্র মানবকূলের ইমাম! সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উনার প্রশংসাকারী স্বয়ং আল্লাহ তাআলা! সৃষ্টিকুলের মাঝে সর্বোচ্চ প্রশংসার অধিকারী তিনি, কোনো সন্দেহ নেই। তারপরও বিনয়ের অবস্থা হল, সর্বাধিক বিনয়ী তিনি! সবচেয়ে বেশি শোকরগুযার বান্দা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এটিই সর্বশ্রেষ্ঠ আদর্শ! এতেই বোঝা যায় যত বিনয়ী মানুষ তত বেশি নেককার ও ন্যায় পথে তত বেশি অগ্রগতিশীল। এমন ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। মানুষের কাছেও প্রিয়।

আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য বিনয়। এ গুণের অধিকারী ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির সন্ধান করে। নিজেকে সে কখনও অন্যের তুলনায় বড় মনে করে না। কোনো গুণ অর্জন করে সে বড়াই করে না। সে দৃঢ় বিশ্বাস রাখে যে সবই আল্লাহর দান। সবকিছুর মালিক তিনি। তাঁর দিকে অবনত থাকে, তাঁর আদেশ পালনে নিবিষ্ট থাকে, তাঁরই শোকর আদায় করে। এটাই বান্দাসুলভ আচরণ। আল্লাহ তাআলা এটাই পছন্দ করেন। এমন বান্দাকে আল্লাহ তাআলা পার্থিব জীবনে যদি পদ, মর্যাদা বাহ্যত না-ও দেন, আল্লাহর কাছে তার অবশ্যই পদ-মর্যাদা রয়েছে! আর দুনিয়াতে (আল্লাহর নিকট তার) পদ-মর্যাদা দেখতে পাওয়া জরুরি নয়; হতে পারে পার্থিব জীবনে কোনো পদ-মর্যাদা প্রকাশই পাবে না। বান্দা আল্লাহর আদেশ পালন করে খুশি, বিনয়ী হয়ে খুশি। পার্থিব জীবনে আল্লাহ পাক তাঁর বান্দার যাবতীয় কর্মসম্পাদক, আখেরাতে বিরাট পুরস্কারদাতা!

আল্লাহ তাআলা আপন রহমতে আমাদেরকে তাঁর বিনয়ী বান্দা বানিয়ে দিন (আমীন); ঠিক যেমনটি সূরা ফুরকানে শেষের দিকে মুমিনদের বৈশিষ্ট্য আলোচনায় তিনি বলেছেন:

وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا

(অর্থ): রাহমান-এর বান্দা তারা, যারা যমীনের বুকে নম্রভাবে চলাফেরা করে এবং নির্বোধ লোকেরা তাদের সম্বোধন করে কোন কথা বললে তারা বলে, (ভাই) সালাম। সূরা ফুরকান ২৫:৬৩

 

2

আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন!

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 2 =

Previous Post

দুই বিপরীত চরিত্র || দুই বিপরীত রূপ

Advertisement